বানারীপাড়া প্রতিনিধি :

বরিশালের বানারীপাড়ায় ৩ লক্ষ টাকা যৌতুকের দাবিতে শিশু সন্তানের সামনে গৃহবধুর পায়ের রগ কর্তনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার (৪ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে গৃহবধুর বাবা আব্দুর রাজ্জাক হাওলাদার বাদী হয়ে ৪ জনকে আসামী করে থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলেন  গৃহবধুর স্বামী রাসেল বালী (৩২), শ্বশুর হাসান বালী (৬৫) , শ্বাশুড়ি খাদিজা বেগম (৫৫) ও চাচাতো দেবর জসিম (৩০)।

মামলা দায়েরের পরাপরই ওইদিন গভীর রাতে সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামে অভিযান চালিয়ে আসামী জসিমকে আটক করে বানারীপাড়া থানা পুলিশ। সোমবার (৫ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে বানারীপাড়া থানার ইন্সপেক্টর ( তদন্ত ) মো. জাফর আহম্মেদ জানান, অভিযোগের পরপরই আমরা ১ জনকে আটক করেছি। বাকি আসামীরা পলাতক রয়েছে। তবে খুব শীঘ্রই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত শুক্রবার (৩ অক্টোবর)গৃহবধু হ্যাপী শিশু সন্তান নিয়ে বানারীপাড়া হাসপাতালে চিকিৎসার উদ্দেশে যাওয়ার সময় তার শ্বশুর ও স্বামী বানারীপাড়া পৌর শহরে কুন্দিহার ৬নং ওয়ার্ডের দুলাল বালীর বাড়ির সামনের সড়কে রিকশার গতিরোধ করে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করে  এবং এক পর্যায়ে ধারালো চাকু দিয়ে তার বাম পায়ের রগ কেটে বিচ্ছিন্ন করে ফেলে। এ সময় হ্যাপী ও তার শিশু পুত্রের আর্তচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। গৃহবধু হ্যাপীর ৯ বছর ও সাড়ে ৩ বছর বয়সী যথাক্রমে রিমি ও রাতুল নামের দুটি  সন্তান রয়েছে।