নিজস্ব প্রতিনিধি :


সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে সাবেক আওয়ামীলীগের বর্ষীয়ান নেতা ও প্রেসিডিয়াম সদস্য প্র‍য়াত মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়কে নৌকা প্রতীকে মনোনয়ন দলটি। যদিও তানভীর শাকিল জয় এর আগে ২০০৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তৎকালিন সময় মোহাম্মদ নাসিমকে ওয়ান ইলেভেন সরকার দুর্নীতির দায়ে দণ্ডিত করলে তিনি নির্বাচনে অযোগ্য হন এবং তার পরিবর্তে ছেলে জয়কে মনোনয়ন দেয়া হয়। যদিও সেটি ছিলো পিতার আসনে প্রতিকি নির্বাচন। এবারের নির্বাচনের মাধ্যমে তিনি পূর্ণাঙ্গ রাজনীতিতে সক্রিয় হলেন।


আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সংসদ ভবন এলাকার নিজ বাসভবনে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান। একই সময় ঢাকা-১৮ আসনে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়া হয় মোহাম্মদ হাবিব হাসানকে।


ওবায়দুল কাদের বলেন, ‘ঘোষিত প্রার্থীদের বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মেনে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।’


জানা যায়, নির্বাচন কমিশন ঘোষিত এ দু’টি আসনের উপ-নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ অক্টোবর, যাচাই-বাছাই ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২২ অক্টোবর এবং ভোট গ্রহণ ১২ নভেম্বর। দু’টি আসনের উপ-নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য, গত ১৩ জুন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিমের মৃত্যুর মধ্যে দিয়ে সিরাজগঞ্জ-১ আসনটি শুন্য হয়।