নুসরাত জাহান আনিকা (মাদারীপুর) প্রতিনিধি: একসময়ে গ্রামবাংলায় উৎসাহ উদ্দীপনা নিয়ে নৌকা বাইচ এর আয়োজন করতে দেখাগেলেও কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে নৌকা বাইচ। তবে সেই নৌকা বাইচের পরিবর্তে এখন স্থান করে নিচ্ছে কলা গাছের তৈরি ভেলা বাইচ। দৃষ্টিনন্দন এই ভেলা বাইচ যেন গ্রামবাংলার মানুষের মধ্যে নতুন এক উৎসব হিসেবে পরিচিত হয়ে উঠছে।
সম্প্রতি মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের উত্তর উড়ার চর গ্রামের যুবকদের আয়োজনে আড়িয়াল খাঁ বিলে আজ ১ সেপ্টেম্বর ভেলা বাইচ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা জানান, স্থানীয় যুবকরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে কলা গাছের তৈরি ভেলা নিয়ে এই ভেলা বাইচে অংশগ্রহণ করেন। প্রতিটি ভেলায় ৬-৭ জন সদস্য অংশ নেন। এবং ভেলা গুলোর উপরে লালকাপড় ও নিশান টাঙিয়ে দৃষ্টিনন্দন করে তোলা হয়। ভেলা বাইচ খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এসময়ে ভেলা বাইচ দেখতে নদীর পাড়ে স্থানীয়রা সহ দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা ভিড় করেন।


