মাগুরার জেলা রেজিস্ট্রার আবুল বাশার করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি আজ শনিবার ভোর ৫ টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। শোকাবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আবুল বাশারের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক। এছাড়া পৃথক শোক প্রকাশ করেছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন। করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে তিনি প্রথমে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এবং পরে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হন। এরপর সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
তিনি ১৯৬১ সালের ১৯ ফেব্রুয়ারি বরিশাল জেলার উজিরপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


