বায়েজিদ শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলার  মুকসুদপুর উপজেলায়  কলেজ মোড়ে আজ রাত ১০টার দিকে পরিবহন ও মোটরসাইকেলের মধ্যে  ভয়াবহ  দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। খুলনা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহন ঢাকার গাবতলির উদ্দেশ্যে  রওনা করছিলো। যাওয়র পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে । দুর্ঘটনায়  ৩ জনই মোটরসাইকেল  যাত্রী। 

নিহতরা হলেন, মুকসুদপুর উপজেলার চন্ডীবর্দী গ্রামের আনু সরদারের ছেলে ফয়সাল সরদার (৩৫), একই গ্রামের সফি শেখের ছেলে লিয়াকত শেখ (২৫) ও গোপীনাথপুর গ্রামের বিল্লাল ঠাকুরের ছেলে আল আমিন (২২)।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ জুবায়ের জানান, "একটি মোটর সাইকেলে করে তিন আরোহী মুকসুদপুর থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটর সাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কে উঠতে গেলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা-মেট্রো-ব-১৪৭৬৯৪) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।"

এতে মোটর সাইকেল থেকে তিন যাত্রী মহাসড়কের ছিটকে পড়লে ঘটনাস্থলে ফয়সাল নিহত হন। এসময় বাসটি মোটর সাইকেলটিকে নিয়ে দুই কিলোমিটার দূরে ফরিদপুরের শালতা এলাকায় গিয়ে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে মহাসড়কের পাশের একটি গাছে ধাক্কা লেগে আগুন ধরে যায়।পরে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হত-হতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার আল আমিনকে মৃত ঘোষনা করেন। মারাত্মক আহত লিয়াকতকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লিয়াকত মারা যান। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

পরে মুকসুদপুর ফায়ার সার্ভিসের অপর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভাতে সক্ষম হয়। তবে বাসের কোন যাত্রী আহত হননি। দূর্ঘটনার পরপরই ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা করে।