স্টাফ রিপোর্টার: ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মদনা ইউনিয়নের হৈবতপুর মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তান দখলদার বাহিনীর সাথে আজকের এইদিনে সম্মুখ যুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধা সহ চারজন নিরীহ কৃষক নির্মম ভাবে শহীদ হয়েছিলেন।
দিবসটি স্মরণে আজ ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকা, কালো শোক পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন, শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদনা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জাকারিয়া আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শিক্ষা প্রতিষ্ঠান ও সামজিক প্রতিষ্ঠান, ওয়েভ ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচী ও শহীদ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
বক্তব্যে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রম ও ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সুতরাং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে। তাহলেই আমরা জাতির জনকের স্বপ্ন সুখী সমৃদ্ধ উন্নত রাষ্ট্র গঠনে সক্ষম হবো।


