লেখা: জাহান সৈয়দ 
এ কেমন নিষ্ঠুর মুহূর্ত দাড়ালো এসে দুয়ারে এখন!

তোমায় ছাড়া কি করে কাটবে এই দুঃসহ জীবন?

বুঝিনি সেদিন ওই হাসি তে ছিল এত ব্যাথা লুকানো,

এমনি করে বিচ্ছিন্ন হবে দুটি মন, ভাবিনি আমি কখনো। 


আরো কিছুক্ষণ না হয় রইলে আমার কাছে, 

এখন ও তো কিছুটা সময় বাকী আছে। 

যাবার আগে ওগো, আমায় শুধু বলে যাও তুমি, 

না বলা যত কথা, আজ প্রাণ ভরে শুনবো আমি। 


ভালোবাসার সেই গল্প, সেই মিষ্টি অনুভবের কথা, 

বিরহের সেই দগ্ধ অনুভূতির ছুঁয়ে যাওয়া প্রহরের ব্যাথা। 

আমায় তুমি বলে যাও আজ সে কথা আবার, 

ব্যাকুল প্রাণে যে কথা শুনতে আমি চেয়েছি বারবার। 


অশ্রু হয়ে যে হীরে জ্বলছে তোমার সজল আঁখির কোনে,

রেখে যাও তারে তুমি আজ আমার এ দুটি নয়নে।

লুকিয়ে থাকা তোমার মনের যত না বলা কথা,

বলে যাও তার সবটুকু আজ, করোনা কো দ্বিধা। 


রেখে  যাও আজ জীবনের যত মান অভিমান,

হারিয়ে যাওয়া ছোট ছোট সুখের স্মৃতি আর অনুরাগের  বান। 

খুলে দাও মনের দুয়ার তুমি, মুখটি রেখে এই বুকে, 

আজ দক্ষিনা সমীরণ ছুঁয়ে যাক তোমার ব্যাথিত হৃদয়টাকে।


অশ্রু দিয়ে ললাটে মোর এঁকে দিয়ে যাও তোমার অধরের চিহ্ন, 

যদি না পারি বাঁধিতে আবার, যে বাঁধন হয়েছে আজ ছিন্ন। 

এ জীবনে যদি আর কখনো না হয় দেখা!

সৌরভে তোমার সঞ্জীবিত হয়ে, সেই ব্যাথার ভার বইবো আমি একা।


ছেড়ে চলে যাবে, চিরতরে তুমি এই একটু পরে,

তাই আজ দেখে নিতে দাও তোমায় এদুটি নয়ন ভরে।

স্মৃতির পাখীরা যখন উড়ে উড়ে আসবে আমার হৃদাকাশে,  

মনে হবে তুমি আছো, আছো তুমি আজো মোর পাশে।