বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরি ভবন থেকে কম্পিউটার চুরির ঘটনায় জড়িতদের বিচার চেয়ে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এ মানববন্ধন করা হয়।
এসময়ে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত হয়ে কম্পিউটার চুরির ঘটনার জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের মতন শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা সত্যিই দুঃখজনক। চুরির মত জঘন্য অপরাধের কোন ক্ষমা নাই। এক্ষেত্রে এই ধরনের চুরির সাথে জড়িত, পেছনে থাকা মাস্টারমাইন্ডদের মুখোশ উন্মোচন করে জনসম্মুখে আনতে হবে।

এছাড়াও তিনি দোষী ব্যক্তিদের যথাযথ শাস্তির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইন শৃংখলা বাহিনীর কাছে দাবি জানিয়ে বলেন, চোর যেই হোক না কেন, ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে তাদের দ্রুত বিচারের আওতায় আনা হোক। যাতে করে চুরির মতন জঘন্যতম কাজের পুনরাবৃত্তি যেন না ঘটে ।

উল্লেখ্য, ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে যুবলীগ নেতার নের্তৃত্বে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ মোট সাত জনকে আটক করেছে পুলিশ।