বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আজ ৪ আগস্ট ২০২০ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে ‘রাশিয়ার অল ইউনিয়ন কমিউনিস্ট পার্টি অব বলশেভিকস্’ এর সাধারণ সম্পাদক কমরেড নিনা অ্যান্ড্রিয়েভার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, “রাশিয়ায় সমাজতন্ত্রের পতনের পর লেনিন-স্ট্যালিনের বলশেভিক মতধারার অনুসারী সর্বহারার দল ভিকেপিবি বা এইউসিপিবি VKPB - All-Union Communist Party of the Bolsheviks)-এর সাধারণ সম্পাদক কমরেড নিনা আলেকজান্দ্রোভানা অ্যান্ড্রিয়েভা গত ২৪শে জুলাই ২০২০ শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।
তৎকালীন সোভিয়েত ইউনিয়নে গ্লাসনস্ত ও পেরেইস্ত্রৈকা নামে চূড়ান্ত শোধনবাদী গর্বাচভের নেতৃত্বে সোভিয়েত রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য সংশোধনবাদীরা ও সা¤্রাজ্যবাদ-পুঁজিবাদের দেশীয় মিত্ররা যখন সমাজতন্ত্রের মূল নীতিগুলোর উপর অন্তিম আঘাত হানছিল, সেই সময় সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি (CPSU)-এর মধ্যে এই প্রবণতার বিরুদ্ধে লড়াই করার জন্য নিনা আলেকজান্দ্রোভানা অ্যান্ড্রিয়েভার নেতৃত্বে একটি বলশেভিক সমিতি তৈরি হয় - “Unity - for Leninism and Communist Ideals”।
দুই বছর পরে, ১৯৯১ সালের ১৩ এবং ১৪ ই জুলাই মিনস্ক শহরে তৎকালীন USSR অন্তর্ভূক্ত ইউনিয়নগুলির প্রতিনিধিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সমিতি তৈরির উদ্দেশ্য সাধিত হয়েছে ঘোষণা দিয়ে সমিতি ভেঙ্গে দেওয়ার প্রস্তাব গ্রহণ করা হয়। সেই সম্মেলন থেকেই সোভিয়েত কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে প্ল্যাটফর্ম হিসাবে AUCPB গঠিত হয়।
এই সম্মেলন থেকেই তাঁরা গর্বাচভসহ সকল ষড়যন্ত্রীদেরCPSU থেকে অপসারণের দাবি করেন এবং সেই উদ্দেশ্যে XXIX Extraordinary Congress of the CPSU (কমিউনিস্ট পার্টি অব সোভিয়েট ইউনিয়নের ২৯তম বিশেষ কংগ্রেস) আহ্বান করেন। কিন্তু ইতিমধ্যেই অগাস্ট মাসে ইয়েলৎসিনের নেতৃত্বে প্রতিবিপ্লবীরা ক্ষমতা দখল করে এবং কমিউনিস্ট পার্টি এবং যে কোন কমিউনিস্ট কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করে।
লেনিন-স্ট্যালিনের হাতে গড়া, মহান নভেম্বর বিপ্লবের নেতৃত্ব দেওয়া এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয় অর্জন করা শ্রমিক শ্রেণির দল CPSU-এর অস্তিত্ব লোপ পায়। এমতাবস্থায় ১৯৯১ সালের নভেম্বর মাসের ৮ তারিখে লেনিন এবং স্ট্যালিনের মতবাদকে রক্ষা করতে এবং সেই মতানুসারে সমাজতন্ত্রকে পুনরায় রাশিয়ার মাটিতে কায়েম করতে নিনা অ্যান্ড্রিয়েভার নেতৃত্বে নতুন কমিউনিস্ট পার্টিVKPB গঠন করা হয়।
এই পার্টি গঠনে, বর্তমান বিশ্বে লেনিন ও স্ট্যালিনের মতধারাকে অব্যাহত রাখতে এবং কমরেড স্ট্যালিনের বিরুদ্ধে সমস্ত রকম কুৎসার জবাব দিয়ে জনমানসে তাঁর ভাবমূর্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করতে কমরেড অ্যান্ড্রিয়েভার অবদান অতুলনীয়।
বিবৃতিতে বলা হয়, কমরেড নিনা অ্যান্ড্রিয়েভার মৃত্যুতে রাশিয়া তথা বিশ্বের শ্রমজীবী শোষিত সর্বহারা জনগণ একজন অকৃত্রিম বন্ধু ও বিপ্লবী নেতাকে হারালো।
তাঁর মৃত্যুতে বিশ্ব সাম্যবাদী আন্দোলনের অপূরণীয় ক্ষতি সাধিত হলো। বাসদের কেন্দ্রীয় কমিটি এই আপোষহীন বিপ্লবী নেত্রীর প্রতি আমাদের দল এবং বাংলাদেশের শ্রমজীবী মানুষের পক্ষ থেকে অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাস জ্ঞাপন করছি। একই সাথে ভিকেপিবি’র সর্বস্তরের নেতৃত্ব ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।


