যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর প্রাইমারি স্কুলের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৯.২ কেজি ওজনের ৫৭টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহল দল।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চোরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে।

যার ফলশ্রুতিতে গত ২৮ আগস্ট ২০২০ তারিখ ১৯১০ ঘটিকায় বেনাপোল বিওপি’তে কর্মরত নায়েক মোঃ নুরুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর প্রাইমারী স্কুলের সামনে পাকা রাস্তার ওপর থেকে বাংলাদেশ হতে ভারতে পাচারের প্রাক্কালে ৯.২ কেজি ওজনের ৫৭ টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করা হয়।

আটককৃত আসামীর নাম মোছাঃ বানেছা খাতুন (৪৫), স্বামী-মোঃ দুখু মিয়া, গ্রাম-সাদিপুর, ডাকঘর-বেনাপোল, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ৫,৭০,৪০,০০০/- (পাঁচ কোটি সত্তর লক্ষ চল্লিশ হাজার) টাকা।

আটককৃত স্বর্ণের বার ও আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।