রাসেল হোসেন মুন্না: চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজা উদ্ধার হয়েছে। এসব মাদকদ্রব্যের সাথে জড়িত থাকার দায়ে আটক করা হয়েছে মহিলাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে। রবিবার (৯ই আগস্ট) দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় দিনভর অভিযান পরিচালনা করে এসব মাদক ব্যবসায়ীদের আটক করে দর্শনা থানার একদল চৌকস পুলিশ সদস্য।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত মরজেম কুলির ছেলে মোঃ হালিমকে (৩০) ২ (দুই) কেজি গাঁজা, ঝাঝাডাঙ্গা গ্রামের মৃত নজির আহাম্মদের ছেলে মোঃ আ.হালিমকে (৩০) ২৭ (সাতাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, আকন্দবাড়িয়ার মোঃ হাসমত আলীর স্ত্রী মোছাঃ জহুরা খাতুনকে (৫২) ৫ (পাঁচ) বোতল ভারতীয় ফেন্সিডিল এবং একই গ্রামের ইকরামুলের ছেলে মোঃ সানজিল হোসেনকে (২১) ১০ (দশ) বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করা হয়।
আটককৃত আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান।


