মেঘের মত করে আমি উড়িয়ে দেব আঁচল,
রোদের কিরন দিয়ে আমি পরবো পায়ে মল।
কুড়িয়ে নেব গগনতলে পূর্নিমার যত আলো,
এমনি করেই নিরন্তর রইবো আমি ভালো।
শ্বেত শুভ্র বসনে আমি হব তুষার কন্যা,
হিমালয় দুহিতা পার্বতীর মত আমি অনন্যা।
স্বপ্নগুলোকে সাজিয়ে আমি রাখবো আঁখি পাতে,
লক্ষ তারার মালা গেঁথে জড়িয়ে নেব হাতে।
মনের মাঝে সুপ্ত আমার অশান্ত এই আবেগ,
যেন ঈশান কোনে পুঞ্জিভূত ঘন বরষার মেঘ।
বৃষ্টি হয়ে ঝরবো আমি অঝোরে আকাশ ভেঙে,
তিলোত্তমা হবো আমি ইন্দ্রধনুর রঙ মেখে।
মনের গহীনে আছে যে আমার একটু কোমল ভূমি,
ভালোবাসার বীজ সেথায় রোপণ করবো আমি।
সঞ্জীবিত করবো তারে, প্রেম সুধা রসে শিক্ত করে,
ফোঁটাবো কুসুম সেথায় আমি যতনে লালন করে।
বসন্ত বাতাসে ছড়াবো সেই কুসুমের সুগন্ধ,
চঞ্চল ঝরনার মতো হবে আমার চলার ছন্দ।
চলতে চলতে দুপায়ে উড়িয়ে পথের ধুলো যত,
লুটিয়ে যাব আমি এ মনের ভাবনা শত শত।


