পঁচাত্তরের ১৫ আগস্টের খুনের সঙ্গে জড়িত ছিল বলেই আন্তর্জাতিক তদন্ত কমিটিকে ভিসা দেয়নি জিয়াউর রহমান। বঙ্গবন্ধু হত্যার বিচার আইন করে বন্ধ রেখেছিল এবং পাকিস্তানি মদদদাতা আলবদর, রাজাকার, আল-শামসদের মন্ত্রী-উপদেষ্টা করে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। বললেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার (১৬ আগস্ট) আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় (ভার্চুয়াল) গণভবন প্রান্ত থেকে সংযুক্ত হয়ে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর (শেখ মুজিবুর রহমান) হত্যাকারীদের বিচার না করার ইনডেমনিটি দিয়েছে জিয়াউর রহমান। মানুষ হত্যা করা সন্ত্রাসীদের বিচার না করার ইনডেমনিটি দিয়েছে তার স্ত্রী খালেদা জিয়া।
তিনি বলেন, খুনি মোশতাককে ক্ষমতা থেকে মীরজাফরের মতোই হটিয়ে ক্ষমতা হাতে নিয়েছিল জিয়াউর রহমান। খুনিদের বিচার বন্ধ করা, তাদের ব্যাংকক হয়ে লিবিয়া পাঠানোসহ সব কর্মকাণ্ড প্রমাণ করে জিয়াউর রহমান এ হত্যাকাণ্ডের পরিকল্পনায় ছিল।
শেখ হাসিনা আরও বলেন, নাম-পরিচয় গোপন করে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে রাষ্ট্রপতির মেয়ে হয়েও। বিভিন্ন দূতাবাসে আরাম-আয়েশে জীবন কাটিয়েছে খুনিরা।


