আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত দুটি বেকারী এ স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করায় ৩টি বাসে জরিমানা করেছে। শনিবার (২২আগস্ট) দুপুর ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত বেকারী ও বাসে ১৭ হাজার টাকা জরিমানা করেছে।
জানা গেছে, আলমডাঙ্গার সহকারী কমিশনার ভূমি হুমায়ন কবিরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত দুপুরের দিকে পৌর এলাকার আনন্দধামের মুসলিম বেকারীতে অভিযান পরিচালনা করেন।
অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরীর দায়ে মুসলিম বেকারীতে ১০ হাজার টাকা, একই অভিযোগে ক্যানাল পট্রির মনিফুডের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে কুস্টিয়া চুয়াডাঙ্গা সড়কে স্বাস্থ্যবিধি না মেনে বাস চলাচল করায় তিনটি বাসে অভিযান চালানো হয়। এ সময় বাসের সিটে স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী নিয়ে যাবার দায়ে এক বাসে ৩ হাজার ও অন্য দুটি বাসে ১ হাজার করে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে সহযোগিতায় ছিলেন পুলিশের একটি টিম।


