বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) তৎকালীন বাংলাদেশ রাইফেলস এর প্রথম মহাপরিচালক মেজর জেনারেল সি আর দত্ত, বীর উত্তম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, বিজিবিএম(বার), এনডিসি, পিএসসি।

মহাপরিচালক আজ এক শোক বার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় মহাপরিচালক আরো জানান, ‘‘মেজর জেনারেল সি আর দত্ত, বীর উত্তম ছিলেন মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে তাঁর অসাধারণ অবদানের কথা বাঙালি জাতি চিরকাল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে বলে মহাপরিচালক উল্লেখ করেন। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সীমান্তরক্ষী বাহিনী গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং মেজর জেনারেল সি আর দত্ত, বীর উত্তম-কে বাহিনী গঠনের গুরুদায়িত্ব অর্পন করেন।

পরবর্তীকালে তিনি বাংলাদেশ রাইফেলস(বিডিআর) বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) নামে সীমান্তরক্ষী বাহিনী গঠন করেন এবং বাহিনীর প্রথম ডাইরেক্টর জেনারেল নিযুক্ত হন। সীমান্তরক্ষী বাহিনী গঠনে তাঁর অসামান্য অবদানের কথা বিজিবি’র প্রতিটি সদস্যসহ বাঙালি জাতি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর। তিনি আমৃত্যু দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় কাজ করে গেছেন। তাঁর মতো একজন বীর যোদ্ধার মৃত্যুতে জাতির যে ক্ষতি হলো, তা সহজে পূরণ হবার নয়।’’