ঢাবি প্রতিনিধি: চলমান মহামারী করোনায় বিপর্যস্ত শিক্ষাঙ্গন। বন্ধ রয়েছে দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ও গত সাড়ে চার মাস বন্ধ।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খোলার আগে এবার ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের নিজ নিজ আবাসিক হল ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষদের সঙ্গে যোগাযোগ করে ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে হল ছাড়তে বলেছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।
সূত্রে জানা গেছে, প্রাধ্যক্ষরা মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণরুম সংকট নিরসন' করোনাকালীন স্বাস্থ্যবিধি ও জীবনাচারের নিয়মকানুন বাস্তবায়নে এই মুহুর্তেই অছাত্রদের হল ছাড়া জরুরি।
শনিবার (৮ আগস্ট) কমিটির সভা থেকে এই নির্দেশনা আসে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ভার্চুয়াল পদ্ধতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা শেষে রাতে গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলার পূর্বশর্ত হিসেবে বিভিন্ন হলের স্থাপনাগুলো সংরক্ষণ, হল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও জীবনাচারবিষয়ক নীতিমালা বা নির্দেশিকা প্রণয়নের ব্যাপারে সভায় আলোচনা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যাদের ছাত্রত্ব নেই, হল খোলার আগে তাদের চলে যাওয়ার বিষয়ে সভায় আলোচনা হয়েছে। এছাড়া কথিত গণরুমের শিক্ষার্থীদের কীভাবে হলে সংকুলান করানো যায়, সে বিষয়টিও সভায় আলোচিত হয়েছে।


