ডেক্স নিউজ:  নিউজ প্রখ্যাত ছড়াকার, শিশু ও গণগ্রন্থাগার অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা আলম তালুকদার এর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক।
প্রখ্যাত ছড়াকার, শিশু সাহিত্যিক ও গণগ্রন্থাগার
অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা আলম তালুকদার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে হাতগোনা যে কয়জন শিশুসাহিত্যিক রয়েছেন, আলম তালুকদার ছিলেন তাঁর মধ্যে অন্যতম। শিশুসাহিত্যকে জনপ্রিয় করার মাধ্যমে এটিকে ভিন্ন উচ্চতায় পৌঁছে দিতে আলম তালুকদারের অবদান নিঃসন্দেহে উল্লেখযোগ্য। তাঁর মৃত্যুতে বাংলাদেশের সাহিত্য জগতে বিশেষ করে শিশুসাহিত্যে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। তিনি তাঁর লেখনীর মাধ্যমে পাঠক সমাজে সুদীর্ঘকাল বেঁচে থাকবেন বলে আমার বিশ্বাস।

উল্লেখ্য, বিশিষ্ট ছড়াকার ও শিশু সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা আলম তালুকদার (৬৪) আজ বুধবার বিকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।