জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা এখন আর অভিনয় করেন না। বছর কয়েক আগেও অবশ্য  তাকে নাটকে দেখা গেছে, তবে সেটি ছিল নির্মাণসংক্রান্ত এবং অনিয়মিত। কিন্তু তাকে এ সময়ের মধ্যে দেখা যায়নি কোনো সিনেমায় ।

দীর্ঘ ১৪ বছর পর, অবশেষে  আবারও  সিনেমার স্ক্রিপ্ট নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। এর নাম ‘ফিরে দেখা’। তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। তিনি পরিচালনাও করবেন।

সরকারি অনুদানে নির্মিত হবে এটি। এর জন্য চলতি বছরই অনুদান পেয়েছেন রোজিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনয় করেই মানুষের ভালোবাসা অর্জন করেছি। তাই যতই দূরে থাকি না কেন, অভিনয় আমাকে খুব টানে। 

যেহেতু সিনেমাটির প্রযোজক ও পরিচালক আমি এবং গল্পও আমার তৈরি করা, তাই একটি সাবলীল পরিবেশের মধ্য দিয়েই এর কাজ সম্পন্ন করার পরিকল্পনা করছি আমি।

এখন করোনাদুর্যোগ চলছে, তাই এখনই প্রাসঙ্গিক কাজগুলো শুরু করতে পারছি না। এর গল্পও এমনভাবে তৈরি তাতে বর্ষাকালে কাজ করা সম্ভব নয়। করোনাদুর্যোগ কেটে গেলে আশা করছি, এর কাজ শুরু করব। 

আমি টেলিফোনে ছবির কলাকুশলীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আমার একটি খসড়া তালিকা আগেই তৈরি করা ছিল। এখন সেটি ধরে লাইনআপ তৈরি করব।’ প্রসঙ্গত, রোজিনা ২০০৬ সালে মতিন রহমান পরিচালিত ‘রাক্ষুসী’ নামের একটি সিনেমায় সর্বশেষ অভিনয় করেন।