চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন রাজধানীর বনানী কবরস্থানে।

আজ শনিবার (১১ জুলাই) সাহারা খাতুনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর ফার্মগেট বায়তুশ শরফ জামে মসজিদে। পরে বেলা পৌনে ১২টায় দ্বিতীয় দফায় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।

মহামারী করোনাকালে অ্যাডভোকেট সাহারা খাতুনকে শেষ বিদায় জানাতে সীমিত পরিসরে বনানী কবরস্থানে আসেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

আওয়ামী লীগের এ সংগ্রামী নেতাকে বিদায় জানাতে বনানী কবরস্থানে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ কেন্দ্রীয় নেতারা।